সাকিব ভাই না থাকলেও দলকে এগিয়ে যেতে হবে: লিটন

আপডেট : ১৭ জুন ২০২৩, ২০:০৩

ইতিহাস গড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজাতে বেগ পেতে হয়েছে। তবে সাকিব না থাকলেও দল এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিটন।

সাকিবের অনুপস্থিতি দলে কেমন প্রভাব পড়ে এমন প্রশ্নে লিটন বলেন, ‘দেখেন ম্যাচের আগে হয়তো এরকম ছিল সাকিব ভাই খেললে ভালো হতো। ম্যাচের পরে আসছে যে খেললে ভালো হতো কিনা। জিনিসটা এমন না, আপনার হাতে যা অস্ত্র আছে তাই ব্যবহার করতে হবে। কে থাকবে না থাকবে এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। হয়তো দুই বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব ভাই থাকবে না। বাংলাদেশ দলকে তো এগিয়ে যেতে হবে। আমি যে দলের হয়ে এই টেস্টে খেলেছি এটি বাংলাদেশের সেরা দল। তারা তাদের ভূমিকা পালন করেছে।’

লিটন দাস।

নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া জয়ের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডে যে আমরা জিতেছি, একই কিন্তু। তামিম ভাই, সাকিব ভাই কেউই খেলেননি। আমরা তরুণ দল ছিলাম এবং দেশের বাইরে গিয়ে জিতেছি। আমরা যখন দেশের বাইরে গিয়ে জিতলাম আমাদের ভেতর একটা বিশ্বাস আসল যে, কষ্ট সাফল্য পাওয়ার হার বাড়ায়। সবাই এখন একটা ব্যাপারে মরিয়া যে কখন টেস্ট আসবে, কখন টেস্ট আসবে।’ 

 

ইত্তেফাক/জেডএইচ