আরিচা পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৬:১২

যমুনার পানি আরিচা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার (১৮ জুন) সকালে চার দশমিক ৭৫ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি, লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা কার্যালয়ের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ জানান, সপ্তাহ যাবৎ পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও একদিনে এমন রেকর্ড এ প্রথম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খালেদ নেওয়াজ জানান, পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধির ফলে আরিচা ফেরি ঘাটের ৩নম্বর পন্টুন সংযোগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কার ও ঘাট উঁচুকরণ কাজ চলছে। তবে পানি বেড়ে যাওয়ায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা চলাচল বেশ ব্যাহত হচ্ছে। স্রোতের টানে পলি জমে নৌ-চ্যানেল ভরাট হচ্ছে। এতে ফেরি, কার্গো চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 আরিচা ফেরি ঘাটের ৩নম্বর পন্টুন সংযোগ রাস্তা পানিতে তলিয়ে আছে। ছবি: ইত্তেফাক

এদিকে, পানি বৃদ্ধির কারণে শিবালয় উপজেলার তেওতা ও আরুয়া ইউনিয়নের মালুচী, মধ্যনগর উপজেলার, ত্রিশুড়ী, আনুলিয়া, অন্বয়পুর ইউনিয়নসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

ইত্তেফাক/আরএজে