সিরিয়া ও ইরাকে যাওয়া ১৬০ আইএস সমর্থকের কোনো হদিস পাচ্ছে না জার্মানি। ২০১৩ সালে অন্তত ১ হাজার জার্মান নাগরিক ওই দেশদুইটিতে যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ ফিরে আসলেও বাকিদের কোনো সন্ধান মিলছে না। খবর ডয়চে ভেলের
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশটির ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান আইএস যোদ্ধাদের অনেকে যুদ্ধক্ষেত্রে মারা গিয়ে থাকতে পারেন; কিন্তু ‘কিছু ক্ষেত্রে কেউ কেউ পালিয়ে থাকতে বা নিখোঁজ হয়ে থাকতে পারেন| তবে ‘ওয়ান্টেড তালিকায়’ থাকা ব্যক্তিরা কর্তৃপক্ষের নজর এড়িয়ে এখানে থাকতে পারবে না। কারণ এভাবে থাকা একবারে অসম্ভব। দলটির মহাসচিব লিন্ডা টয়টেব্যাগ স্থানীয় এক পত্রিকাকে বলেন, আইএসের হয়ে যুদ্ধ করে আসা জার্মান নাগরিকদের দেশে প্রবেশ ঠেকাতে সরকারের বাড়তি কোনো উদ্যোগ নেই। এ জন্য তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। টয়টেব্যাগ বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আটক সব জার্মান নাগরিক এবং জার্মানিতে ফেরত আসা দুই শতাধিক সাবেক আইএস সমর্থকের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। তিনি দেশের বাইরে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার করতে জার্মান সরকারকে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
