জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষার মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (১৮ জুন) সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বেলা ৪ টা ৪০ মিনিটে ৬ষ্ঠ শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।
এরপর সকাল সাড়ে ৯ টায় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আজ আরও দু'টি ইউনিটের (সি ও সি-১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, এ বছর ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৫৭ জন অংশগ্রহণ করছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪টি, ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯টি, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫টি, ‘সি-১’ ইউনিটে ৫ হাজার ৬৫টি, ‘ডি’ ইউনিটে ৭৬ হাজার ৬৪টি, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭টি এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩টি আবেদন জমা পড়েছে।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডেইরি গেইট পর্যন্ত রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে।
