উদযাপনের কারণ আমিও জানি না: খাজা 

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:২৮

ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এই সেঞ্চুরিটা খাজার একটু স্পেশাল। কারণ ইংল্যান্ডের মাটিতে অষ্টম টেস্টে এসে প্রথমবারের মত সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সেঞ্চুরির পর তার উদযাপনের মাত্রাটাও বলে দিয়েছে, কতটা উচ্ছ্বসিত খাজা। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর খাজা বলেন, ইংল্যান্ডে রান করতে পারি না বলেই হয়তো স্বাভাবিকের চেয়ে আবেগটা বেশি কাজ করেছিলো।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ তিন অ্যাশেজের মধ্যে দু’টিতেই বাদ পড়েন খাজা। কারণ ইংল্যান্ডের মাটিতে তার পারফরমেন্স আশানুরূপ ছিলো না। ব্যাটিং গড় ১৭ দশমিক ৭৮ ও সর্বোচ্চ স্কোর ছিলো ৫৪। এ অবস্থাতেও ইংল্যান্ডের মাটিতে এবার অ্যাশেজের দলে সুযোগ পান খাজা। কারণ ২০২২ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ থেকে ক্যারিয়ারের পুনর্জন্ম হয় তার। এরপর থেকে ব্যাট হাতে সেরা রূপেই রয়েছেন খাজা। ২০১৯ সালের আগস্টে পুনরায় দলে ফিরে অ্যাশেজের সিডনি টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেন খাজা। এরপরই পাকিস্তান সফরে আরও দু’টি সেঞ্চুরি করে দলে নিজের জায়গা পাকা করেন বাঁহাতি খাজা।

দ্বিতীয় দিনের সেরা পারফরমেন্সে স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আসার কথা খাজার। খাজা এসেছেনও, সঙ্গে নিয়ে আসেন মেয়ে আইশাকে। মেয়েকে কোলে নিয়ে সাংবাদিকদের সামনে বসতেই, সেঞ্চুরির উদযাপন নিয়ে প্রশ্ন উড়ে আসে। খাজা বলেন, ‘সত্যি বলতে এমন উদযাপনের কারণ আমিও জানি না। হতে পারে ইংল্যান্ডের মাটিতে তিনটি অ্যাশেজের দু’টি থেকেই বাদ পড়েছিলাম বলেই এমন কিছু। মিডিয়ায় আমি চোখ রাখি না। মাঠে নামার সময়, নেটে ব্যাটিং করতে যাওয়ার সময় দর্শকেরা বলছিল, আমি ইংল্যান্ডে রান করতে পারি না, তাই হয়তো স্বাভাবিকের চেয়ে উদযাপনের আবেগটা একটু বেশি ছিল।’

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৬২ টেস্টে ১৫টি সেঞ্চুরিতে ৪৬৩৪ রান করেছেন খাজা। এ অবস্থায় নিজেকে প্রমাণের কিছু নেই বলে মনে করেন খাজা। তিনি আরও বলেন,, ‘এমনটা আমি বারবার বলেছি, ভারতেও এমন হয়েছে। এমন না যে নিজেকে প্রমাণ করতে হবে। তবে গত ১০ বছরের সাফল্য যে অপ্রত্যাশিত বা কাকতালীয় ছিল না, তা অস্ট্রেলিয়ার হয়ে রান করে দেখিয়ে দেওয়াটা অনেক কিছু।’

উসমান খাজা।

গত কয়েক বছর ধরে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক আছেন খাজা। এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনি যা দেখতে পাচ্ছেন, এটাই উসমান। এটা লুকানোর চেষ্টা করি না আমি। সব দিক দিয়ে আমি নিখুঁত নই, আমি ভুল করি, এখানেও পারফরমেন্স করতে পেরে আমি খুশি এবং আসলে সবাইকে দেখাতে পেরে খুশি। ব্যাট কেন থ্রো হয়েছিলো আমি জানি না, তবে এটি হয়েছে। এটা আমিই ছিলাম।’

 

ইত্তেফাক/জেডএইচ