খুলনায় আলাদা বজ্রপাতে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
রোববার (১৮ জুন) দাকোপ উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহতরা হলেন দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের কৃষ্ণপদ মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (৩৩) ও পাইকগাছা উপজেলার মৃত রহিম শেখের ছেলে খোরশেদ শেখ (৬০)।
তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, সকাল ৭টার দিকে কাঁকড়াবুনিয়ায় আজিজুল শেখসহ ৩/৪ জন একটি মাছের ঘেরে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি মারা যান।
অপরদিকে সকাল ১০টার দিকে কালাবগী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজিত মণ্ডল মারা যান। তাছাড়া বটবুনিয়া নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থানকালীন পাইকগাছা উপজেলার খোরশেদ আলম শেখ বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া বজ্রপাতের ঘটনায় আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে আরও চারজন মৎস্যজীবী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে দাকোপ উপজেলার তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
