গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে ফায়ার সার্ভিসের মহড়ায় আগুন নেভানোর কৌশল শিখলো সাধারণ মানুষ। বাসা-বাড়িতে আগুন ও রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার রাজবাড়ী গুচ্ছ গ্রামে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেওয়া ও হাসপাতালে পাঠানোর মহড়াও দেখানো হয়। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিত্সা দল এসব মহড়া প্রদর্শন করেন। মহড়া চলাকালীন সময়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ, সড়ক দুর্ঘটনা থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করে। মহড়া দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমায়। কেউ কেউ ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই তাদের সব ভুল ভেঙে যায়। ততোক্ষণে সকলের কৌতূহল ভেঙে বুঝতে পারে এটা নিছক সাজানো দুর্ঘটনামাত্র। গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমানের নের্তৃত্বে অগ্নিনির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সচেতন বিষয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করা হয়।
