ঢাকা প্রিমিয়ায়র লিগে (ডিপিএল) সর্বোচ্চ রান করে জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার নাইম শেখ। একইভাবে পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তবে আফগানিস্তান সিরিজে ডাক পাননি দ্বিতীয় সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয়।
রোববার (১৮ জুন) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পারফর্ম করেও কেনো দলে নেই বিজয় এমন প্রশ্নে স্বল্প ভাষায় হাথুরুসিংহে বলেন, ‘হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে। গত বছরও অনেক ভাল করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।’
রনি তালুকদারের বাদ পড়া ও নাইমের দলের ডাক পাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার। ও কী করতে পারে তা দেখানোর। তো এটি আমার জন্য নাঈম শেখকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়।’
