ঈদের ছুটি বাড়বে কি না জানা যাবে আজ

আপডেট : ১৯ জুন ২০২৩, ১০:৫৮

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। সোমবার (১৯ জুন) সকালে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, ঈদের ছুটি বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সুপারিশ করেছিল। এ পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা প্রস্তাবে সম্মত হলে ঈদে একদিনের ছুটি বাড়বে, অর্থাৎ আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। সে ক্ষেত্রে ঈদে টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ছুটি বাড়ানোর প্রস্তাব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলে ছুটির সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হলে ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ইত্তেফাক/কেকে