লাল বলের ক্রিকেটে আফগানিস্তানের সঙ্গে প্রথম দেখায় ২০১৯ সালে বাংলাদেশ দল বাজে ভাবেই হেরেছিল। তবে গেল ১৪ জুন দ্বিতীয় বারের মতো এই ফরম্যাটে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। তাদের লক্ষ্য ছিল ভালো ক্রিকেট খেলে আগের হারের প্রতিশোধ নেওয়া। আর তা সফলভাবেই সম্পন্ন করেছে স্বাগতিকরা। শুধু তাই নয়, ৮৯ বছরের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পেয়েছে টাইগাররা। তাইতো মিরপুর টেস্টের পরদিন সংবাদ সম্মেলনে এসে বেশ তৃপ্তি নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে দাপুটে ব্যাটিং-বোলিংয়ে সাড়ে তিন দিনেরও কম সময়ে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়কে শুধু জয় না, বিশেষ কিছু হিসেবেই দেখছেন টাইগার হেডমাস্টার। গতকাল এ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কি না জানি না, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি, এটি শুধুমাত্র একটি টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। আমি এটা দিয়ে বুঝিয়েছি, আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সবকিছু মিলিয়েই এমন আর আগে কখনো হয়নি।’
আমরা গতিময় সবুজ ঘাসের উইকেট তৈরি করেছি। আমার মতে, এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার। আমরা অনেক মানসিক বাধা পার করেছি। কারণ ম্যাচের আগে আমরা কেমন করব, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। আমরা এখানে সাধারণত ভিন্ন ঘরানার ক্রিকেট খেলি’ তিনি আরো যোগ করেন।
সাধারণত মিরপুরে স্পিনবান্ধব উইকেটই দেখা যেত সিরিজগুলোতে। তবে এবার ঘটিয়েছে তার ব্যতিক্রম তৈরি করেছে ঘাসের উইকেট। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফর্ম করছেন বাংলাদেশের পেসাররা। গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচেও সামর্থ্যের ছাপ রাখেন ইবাদত, তাসকিনরা। এ নিয়েও সন্তুষ্টি ছিল হাথুরুর কণ্ঠে।
তিনি বলেন, ‘আগে আমাদের শক্তি ছিল স্পিন। কিছু কিছু প্রতিপক্ষের বিপক্ষে স্পিন দিয়ে জেতা সম্ভব-এটা আমরা অনুধাবন করতে পেরেছি। তবে এখন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের ওপর নির্ভর করে, পেস দিয়ে কিছু ম্যাচ জেতার উপায় তৈরি হয়েছে। সন্তুষ্টির জায়গা হচ্ছে, গতিময় উইকেটে পেসাররা গা ভাসিয়ে দেয়নি। ওরা যেভাবে বল করেছে, খুবই ভালো ছিল। খুব পেশাদারি বোলিং। ওরা বাউন্সার শুধু করার জন্য করেনি। বেশির ভাগ উইকেট এসেছে ফ্রন্ট ফুটে। এসব ছোট ছোট জিনিস পেসারদের পরিণত বোধের উদাহরণ। ওরা অনেক দূর পাড়ি দিয়ে এসেছে। আমি খুশি।’
এসময় ব্যাটারদের দ্রুত রান তোলার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে হাথুরু বলেন, ‘যদি কন্ডিশন সাহায্য করে, তাহলে অবশ্যই এভাবে ব্যাটিং করব। আমরা সেভাবেই অনুশীলন করেছি। ছেলেদেরও স্বাধীনতা দেওয়া হয়েছে এভাবে খেলার জন্য। খেলাটা তো মূলত রানের। কন্ডিশন যদি কঠিন হয়, তাহলে আমরা ঐ অনুযায়ী ব্যাটিং করব।’ এছাড়া ম্যাচে আফগানদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হওয়া শান্তকে নিয়ে কোচ বলেন, ‘শান্তকে কৃতিত্ব দিতে হবে তার দুই ইনিংসের ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা সে আর জয় যেভাবে খেলেছে, সেটা ড্রেসিংরুমের সবার উত্তেজনা ঠান্ডা করেছে।’
এদিকে সংবাদ সম্মেলনে সিরিজের আসন্ন ম্যাচগুলো নিয়েও কথা বলেন কোচ। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। যেখানে দেখা যায় আফগানিস্তানের বোলিংয়ের মূল অস্ত্র রশীদ খান ফিরে এসেছে দলে। এছাড়া দুই স্পিনার মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও পেসার ফজলহক ফারুকিও রয়েছে এই দলে। বলা যায়, টাইগারদের বিরুদ্ধে ওয়ানডেতে পূর্ণ শক্তি নিয়েই বাংলাদেশে পা রাখবে তারা। দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে গত বছর বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। তাই হাথুরু টেস্টে বড় জয় পেয়েও আফগানদের বিপক্ষে কিছুটা সতর্ক অবস্থানে থাকতে চাইছেন।
