ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তার চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
সোমবার (১৯ জুন) সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জানা যায়, রোববার ১৮ জুন সন্ধ্যায় তিস্তার ডালিয়া পয়েন্টের ভাটি এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তিস্তা ও ধরলার পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এতে রাস্তা ডুবে যাওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া গরু-ছাগল ও পোষাপ্রাণী নিয়ে ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী লোকজন। পানি না কমলে খাবার ও স্যানিটেশন সমস্যায় পড়বে হাজারো মানুষ।
কয়েকজন শিক্ষার্থী বলেন, কাল থেকে পানি বাড়তেছে। স্কুলে যাওয়ার রাস্তায় পানি উঠেছে। তাই পানিতে ভিজে স্কুলে যাচ্ছি।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, পানি বৃদ্ধি পেলেও তা আবারও কমতে শুরু করেছে। খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি রয়েছে।
