‘শেখ হাসিনা নৌকা দিছে আবার ইলেকশন কিসের’

আপডেট : ২০ জুন ২০২৩, ১৪:৪০

‘শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কিসের? কিসের ইলেকশন? আর ইলেকশন যদি হয়, বুঝে নেবেন ইলেকশন কাহাকে বলে।’ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর পক্ষে আয়োজিত সভায় পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এ কথা বলেন। 

কাউখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার (১৭ জুন) রাতে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আবদুস সহিদ। 

এদিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর পক্ষে প্রচারের সভায় দেওয়া তার এমন বক্তব্যের পর নৌকার প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন দাখিল করেনি। রোববার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।

এই ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বাই সাইকেল নিয়ে প্রার্থী হওয়ার কথা ছিল আনোয়ার হোসেন মঞ্জু এমপির দল জাতীয় পার্টির (জেপি) নেতা সিকদার দেলোয়ার হোসেনের। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। কাউখালী এমপি মঞ্জুর নির্বাচনি এলাকার আওতাধীন উপজেলা এটি। 

সভায় মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

মহিউদ্দিন মহারাজ বলেন, সভায় অনেক বক্তা বলেছেন, তারা কাউখালী থেকে সাইকেল (জেপির নির্বাচনী প্রতীক) বিতাড়িত করতে চান। শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়, আগামী উপজেলা পরিষদের নির্বাচনে সাইকেলকে বিতাড়িত করতে হবে। নৌকাকে বিজয়ী করে সাইকেলকে ভেঙেচুরে কঁচা নদীতে ফেলে দিতে হবে।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্দেশে মহিউদ্দিন মহারাজ বলেন, আওয়ামী লীগের ভোট নিয়ে এমপি হবেন। আবার আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকানোর জন্য সাইকেল দেবেন। এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ।...এটা কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদের আওয়ামী লীগ মেনে নেবে না।

ইত্তেফাক/পিও