বাংলাদেশে ইকেবানার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এবং জাপানের দূতাবাস যৌথভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জেইউএএবি) সহযোগিতায় আয়োজন করা হয়।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি উদযাপনের শুভ উপলক্ষে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন ১৯৭৩ সালের অক্টোবরে শান্তিনগরে জাপানি দূতাবাস প্রাঙ্গণে ইকেবানা স্কুল হিসেবে যাত্রা শুরু করে। আমি বিআইএ সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের সূচনাকাল থেকেই জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে তাদের অবিরাম প্রচেষ্টার জন্য।
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এই স্মরণিকা উপলক্ষে মূল্যবান বাণী দিয়েছেন।
