৬০ মণ ওজনের ‘রাজাবাবু‘ খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু 

আপডেট : ১৯ জুন ২০২৩, ২২:০৫

মেহেরপুরে এবার কোরবানি ঈদে ও হাটে চমক নিয়ে আসছে ৬০ মণ ওজনের গরু রাজা বাবু। বিক্রেতা রাজা বাবুর দাম হাঁকছেন ৪০ লাখ টাকা। রাজা বাবুকে দেখতে ভিড় করছেন উৎসাহী মানুষ। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার দাবি, এটি খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু।

জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক ইনসান আলী গত চার বছর আগে মাত্র ৮৫ হাজার টাকায় রাজা বাবুকে কেনেন। এরপর থেকেই নিজের সন্তানের মত লালন-পালন করে বড় করেছেন রাজা বাবুকে। প্রায় ৮ ফুট উচ্চতার রাজা বাবুর ওজন বেড়ে দাঁড়িয়েছে ৬০ মণের ওপরে। ফ্রিজিয়াম জাতের এই গরুটি পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় দুই হাজার টাকা। প্রচণ্ড গরমে তাকে দিনে ৩-৪ বার গোসল করানো হয়। দূর থেকে মনে হয় একটি  হাতি দাঁড়িয়ে আছে। 

কৃষক ইনসান আলী বলেন, গত বছর ভালো দাম পেয়েও রাজ বাবুকে বিক্রি করিনি। দেশ সেরা বড় গরুর তকমা পাবার আশায়। কালো রংয়ের এই গরুটি  ৪০ লাখ টাকায় বিক্রি করার আশা করছি। হাটে দেশ সেরা গরুর খ্যাতি অর্জন করবে এটি।

রাজা বাবুকে দেখতে আসা কুঞ্জনগর গ্রামের মজনুর রহমান আকাশ বলেন, বাড়ির পাশে অনেকেই গরু পালন করছেন। তাদের মুখ থেকে রাজা বাবুর কথা শুনে দেখতে এসেছেন। জীবনে এমন বড় গরু দেখেন নি। রাজা বাবুর খাবার ও যত্ন নেওয়ার বিষয়ে জানছি। এমন গরু মোটাতাজা করণ করব। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, প্রতিটি বাড়িতে গরু মোটা তাজা করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় রাজা বাবু এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু বলে মনে করেন এলাকাবাসীরা। অনেকে আবার বলেন, যদি শুঁড় লাগিয়ে দেওয়া হয় তাহলে দূর থেকে মনে হবে একটি  হাতি দাঁড়িয়ে আছে।

ইত্তেফাক/এবি/পিও