জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় ৪০ হাজার টাকার বিনিময়ে মুহীন তাশদীদ মাহি নামে এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে মোস্তাফিজুর রহমান শাকিল নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন।
সোমবার (১৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তৃতীয় শিফট চলাকালে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্য়ের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়।
জানা যায়, মুহীন তাশদীদ মাহি নামে এক ভর্তিচ্ছুর হয়ে প্রক্সি দিতে আসেন শাকিল। গত রবিবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিট ও ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও অংশ নেন তিনি। এরপর গতকাল সোমবার ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষে পরীক্ষায় বসেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তাকে সন্দেহ হলে, তারা শাকিলকে প্রক্টর অফিসে পাঠান। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন শাকিল।
মোস্তাফিজুর রহমান শাকিল বলেন, ‘জামালপুরের হাসানুজ্জামানের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। চারটি ইউনিটের পরীক্ষা দিয়ে যেকোনো একটিতে সুযোগ পেলেই টাকা দেওয়ার কথা ছিল। সে হিসেবে রবিবার ‘সি’ ইউনিট ও ‘সি-১’ ইউনিটেরও পরীক্ষা দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। এ ঘটনায় জড়িত শাকিল ও মাহির বিরুদ্ধে মামলা করা হবে।’
