অনলাইনে পেনশন

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:৩৪

সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর প্রতি মাসে পেনশন পান। এই পেনশনের টাকাই তাঁদের সম্বল। দীর্ঘদিন ধরে পেনশনের টাকা  শুধু সোনালী ব্যাংকের কয়েকটি শাখার মাধ্যমে দেওয়া হচ্ছে। সাধারণত পেনশনভোগীরা বৃদ্ধ বয়সে বার্ধক্যের কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। তাঁরা পেনশনের টাকার জন্য অনেক দূর-দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়ান। পেনশনভোগীদের দুর্ভোগ লাঘবে সরকার অনলাইনে পেনশনের টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। ইতোমধ্যে সোনালী ব্যাংক, সদরঘাট শাখাসহ অনেক ব্যাংকে অনলাইনে পেনশনের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক যে, সোনালী ব্যাংক, যাত্রাবাড়ী শাখায় এ ব্যবস্থা এখনো চালু হয়নি। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত এই ব্যাংকে পেনশনভোগীদের ভিড়ে টাকা তুলতে ও জমা দিতে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনায় খুব ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই পেনশনভোগীদের অসুবিধার কথা চিন্তা করে সোনালী ব্যাংক, যাত্রাবাড়ীর শাখায় অবিলম্বে পেনশনের টাকা অনলাইনে প্রদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. রেজাউল করিম

দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা