জাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ২ যুবকের জেল-জরিমানা

আপডেট : ২০ জুন ২০২৩, ১৭:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দেওয়ার অপরাধে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১০টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোহেল রানা। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন। এছাড়া ময়মনসিংহ জেলার ধুপাউড়া উপজেলার মোস্তাফিজুর রহমান শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভ্রাম্যমান আদালত তাদের শাস্তি দিয়েছেন। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী ও ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন দিনের অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে। তবে অপরাধী দুইজনই তাদের জরিমানা পরিশোধ করেছেন।’

এর আগে, গত সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সোহেলকে এবং বিজনেস স্টাডিজ অনুষদ থেকে শাকিলকে আটক করা হয়।

ইত্তেফাক/এআই