সাইফউদ্দিনের আলোচিত ফেরা

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:৪৪

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশে ফিরেছেন সাইফুদ্দিন। ফিরেছেন সতীর্থ মোসাদ্দেকও। গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানের সঙ্গে মাঠে নেমেছেন আলোচনায় থাকা এ দুই ক্রিকেটার।

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়া ম্যাচে একাদশে ছিলেন না এ দুজন। আর তাতেই চারদিকে শুরু হয়ে যায় ব্যাপক কানাঘুষা। কারণ হিসেবে সাইফুদ্দিনের পিঠের ব্যথা ও মোসাদ্দেকের কাঁধের ইনজুরির কথা জানায় বিসিবি। অসিদের বিপক্ষে তাদের জায়গায় নামানো হয় সাব্বির ও রুবেলকে।

একাদশে আকস্মিক পরিবর্তনে জন্ম নেয় ধোঁয়াশা। গুজব বৃক্ষ ডালপালা মেলতে থাকে। কোনো কোনো সংবাদ মাধ্যমে এমনও খবর প্রচার করে যে সাইফুদ্দিন আর মোসাদ্দেক স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ম্যাচ খেলেননি। সাইফুদ্দিনকে নিয়ে দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ আছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত শনিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের যে তথ্য দেন তাতে রহস্য আরো ঘনীভূত হয়। তিনি জানান, মোসাদ্দেক পুরোপুরি ফিট আর সাইফুদ্দিনের চোট পাওয়ার বিষয়টি তিনি নিজেও জানেন না। পরদিন রবিবার প্রধান কোচ স্টিভ রোডস আফগানিস্তান ম্যাচ খেলার জন্য সাইফুদ্দিন প্রস্তুত রয়েছেন বলে তথ্য দেন। সাইফুদ্দিনকে নিয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে কোচ বলেন, এ ধরনের মনগড়া রিপোর্ট একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। তিনি সঠিক তথ্য জেনে রিপোর্ট করতে অনুরোধ জানান। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাইফুদ্দিন। ৫ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে দুটি করে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সবশেষ ম্যাচে তিন উইকেট পেয়েছেন এই বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতে তার রান ৩১। অন্যদিকে মোসাদ্দেক ৫.৯৫ রান গড়ে ২ উইকেট পেয়েছেন। রান করেছেন ৬৩।