আইপিএলের কারণে ভারত এগিয়ে!

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:৪৫

গত বিশ্বকাপেও ভারতের প্রধান ভরসা ছিলেন। এখনো ভারতের সেরা অফস্পিনার তিনি। কিন্তু এক ঝাঁক বৈচিত্র্যময় স্পিনারের উত্থানে এখন আর ওয়ানডে দলে জায়গা হয় না রবিচন্দ্রন অশ্বিনের। ফলে বিশ্বকাপটা বাড়িতে বসেই দেখতে হচ্ছে তাকে। আর এই দেখা থেকেই অশ্বিন মনে করছেন, আইপিএলের কারণে ভারতের খেলোয়াড়দের চাপ সামলানোর ক্ষমতা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।

একটা কোচিং অনুষ্ঠানে উপস্থিত হওয়া অশ্বিন বলছিলেন, ‘আইপিএল হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিদিন খেলোয়াড়দের ভয়ানক চাপের ভেতর দিয়ে যেতে হয়। ভারতীয় খেলোয়াড়রা এই কারণে অন্য যে কোনো দেশের খেলোয়াড়ের চেয়ে চাপ ভালো সামলাতে পারে। আর এটাই এই ধরনের টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ স্তরে বড় ব্যাপার হয়ে উঠতে পারে।’

টেস্টে ৩৩৬ উইকেটে ও ওয়ানডেতে ১৫০ উইকেট নেওয়া এই সিনিয়র স্পিনার মনে করেন, টুর্নামেন্টে ভারত খুব ভালো করছে এখন পর্যন্ত। আর এ কারণেই একাদশে কোনো পরিবর্তন প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না, ‘আমি এখন দলের অংশ নই। কিন্তু মনে করি যে, স্থিতিশীলতা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দল যদি ভালো করতে থাকে, তাহলে ইনজুরি না থাকলে দলে কোনো পরিবর্তন করা অপ্রয়োজনীয়।’

যদিও বিশ্বকাপ খেলছেন না, কিন্তু অশ্বিন কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডে যাবেন। সেখানে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলবেন এ অফস্পিনার। ভারতীয় দলের ভালো চান বিশ্বকাপে। কিন্তু তিনি দলকে মিস করছেন, এমনটা মনে করছেন না, ‘আমি আমার ক্লাবের হয়ে খেলব ঐ সময়। ফলে আমার মনে হয় না, আমি কিছু মিস করব। যে কেউ বিশ্বকাপ খেলতে চায়। কিন্তু আমার এখন নির্বাচিত হওয়ার ব্যাপারে শূন্য প্রত্যাশা কাজ করে।’