চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে আলোচনা চলছে ৭ নম্বর পজিশন নিয়ে। এই পজিশনের জন্য আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারের নাম। তার মধ্যে অন্যতম অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলের জন্য যেকোনো পজিশনে খেলতে জন্য প্রস্তুত বলে জানিয়েছেন মিরাজ।
বুধবার (২১ জুন) গণমাধ্যমকে মিরাজ বলেন, 'আমিতো সবসময় ৮ নম্বরে খেলেছি। ৭ নম্বরে শুধু একটা সিরিজে খেলেছি। ব্যাটিং–বোলিং দুটিতেই যেন ভালো কিছু করতে পারি। আমি যদি ৭ নম্বরে খেলি তাহলে তো একজন বাড়তি বোলার নিয়ে খেলা লাগে। তাহলে আমার দিকেও কম, আমি বোলিং কম পাচ্ছি এটা দিন শেষে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমাকে যেখানেই খেলানো হোক না কেন, আমি সব সময় প্রস্তুত। ৭, ৮ নম্বর কিংবা ওপরে সবসময়।'
আসন্ন আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একটা জিনিস দেখেন যে, হারা কিংবা জেতা এটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ যদি হেরেও যাই বা খারাপও খেলি-হতেই পারে। এর মানে এই না যে, আমরা খারাপ টিম হয়ে গেছি। গত কয়েক দিনে আমরা যে পারফর্ম করেছি, বিশ্বকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা, প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে টিম হিসেবে ভালো খেলেছি।'
