বেশ লম্বা সময় ধরেই ওডিআই ফরম্যাটে নিজেদের শক্তিশালী দল হিসেবে জানান দিয়ে আসছেন টাইগারর। বর্তমানে তার পাশাপাশি অন্য ফরম্যাটগুলোতেও বেশ উন্নতি দৃশ্যমান। এছাড়া চলতি বছর তো বেশ সাফল্য পাচ্ছেই দল। ঘরের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ জয়। এছাড়া সদ্য আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট ম্যাচ জয়। এতে করে বেশ আনন্দের বাতাসই বইছে টাইগার শিবিরে।
তবে এতে গা ভাসিয়ে বেড়াচ্ছে না বাংলাদেশ দল। কঠোর পরিশ্রমে কাটাচ্ছে সময়। কেননা সামনে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো বড় দুই আসর অপেক্ষায় রয়েছে। এছাড়া ঈদুল আজহার পর তো আফগানিস্তান সিরিজের বাকি দুই ফরম্যাটের খেলা রয়েছেই। তাই অনুশীলন করেই নিজেদের প্রস্তুত করছে আসন্ন ম্যাচগুলোর জন্য। গতকাল অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ সময় জানিয়েছেন আসন্ন খেলাগুলো গুলো নিয়ে নিজেদের প্রস্তুতির কথাও।
আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে এদিন টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এটা না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেইভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোনো টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সো ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি।’
এ সময় বিশ্বকাপে নিজেদের ভালো সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনি দেখেন যে, অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেই রকম না। সবাই কিন্তু সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় শুধু উন্নতি করাটা। এটা মূলত কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে এবং দেখেন যে, দলের ভেতর বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়, এটাই মনে হয় বাংলাদেশের বেশি অভিজ্ঞ খেলোয়াড়। অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে, আমরা যারা আছি, তারাও অনেক বছর ধরে খেলছি। প্রস্তুতি বলতে আপনি যে জিনিসটা বললেন, বিশ্বকাপে আমরা জানি ওখানে কীভাবে খেলা হয়। কী টেম্পারমেন্টে খেলা হয়, কী রানের ফ্লোতে খেলা হয়। ঐ জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের অভার কাম করার জন্য। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০ রান প্লাসের খেলা হয়েছে। বিশ্বকাপ কিন্তু বেশির ভাগ ম্যাচই এই রকম হবে। তিনশ-সাড়ে তিনশ প্লাস রান হবে। আমরা এই জিনিসগুলো কীভাবে অ্যাডাপ্ট করতে পারি একটা ম্যাচ না, কীভাবে কনটিনিউ করতে পারি সব সময় আলোচনা, প্র্যাকটিস সেটাপ আলোচনা করছি, মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেওয়ার পর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও জয় দেখছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সাদা বলে ওরা শক্তিশালী, অনেক ভালো দল। ওদের ভালো কিছু স্পিনার আছে। তবে আমরা কিন্তু ওদের সঙ্গে আলহামদুলিল্লাহ সবসময় জিতি। সর্বশেষ সিরিজও জিতেছি। ওয়ার্ল্ড কাপে ওদের হারিয়েছি। কিছু সময়ের জন্য হয়তো আমাদের চাপে ফেলে। আলহামদুলিল্লাহ আমরা সেটা কাটিয়ে উঠতে পারি। প্রতিপক্ষ যেটা বললেন, ছোট করে দেখার কিছু নেই। সবসময় কঠিন পরিস্থিতি আসে। সেটা কীভাবে সামাল দিতে হবে আমাদের সব প্লেয়াররা ভালো করেই জানে।’
