সংস্কারের পর শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:০৯

ঢাকাসহ সারাদেশের সঙ্গে আবারও সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণ-বাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ক্ষতিগ্রস্ত তিতাস সেতু দিয়ে স্বাভাবিক হচ্ছে যানবাহন চলাচল। গতকাল সোমবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন। সীমিত আকারে সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে সেতু পারাপার হচ্ছে বলে জানা গেছে।

সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সাতদিন বন্ধ থাকার পর সোমবার সেতুটির উত্তর প্রান্তে স্থাপিত ২টি বেইলি ব্রিজই যানবাহন চলাচলের জন্যে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে।

তবে রবিবার রাত থেকেই এক পাশের বেইলি সেতু ভারি যানবাহন চলাচলের জন্যে খুলে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে সেতু খুলে দেওয়ার পর শত শত যানবাহন বিশেষ করে ট্রাক সেতু পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তবে এতে নতুন করে যানজটেরও সৃষ্টি হয়েছে। তবে সড়ক বিভাগ নির্ধারিত বিকল্প পথে চলতে না পেরে বিভিন্ন লাক্সারি বাস সার্ভিস তাদের গাড়ি চলাচল বন্ধ রাখে। ফলে মহাসড়কে সোমবার দুপুর পর্যন্ত তেমন বাসের দেখা মিলেনি। শত শত ট্রাক সেতু পাড়ি দিয়ে এদিক ওদিকে যাচ্ছে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার জানান, আমরা এখন অনেকটাই স্বস্তিতে আছি। এ মহাসড়ক সচল হওয়ায় আমাদের পেরেশানি অনেকটা কমে গেছে।

গত ১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরনের ভারি ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়।