বরগুনায় চিকিত্সকের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:১৫

বরগুনা সদর হাসপাতালে কর্মরত চিকিত্সক ডা. মশিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিত্সকরা।

সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা বিএমএ ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিত্সকদের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, বিএমএ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মো. মনিরুজ্জামান, শেবাচিম হাসপাতালের আউটডোর ডাক্তারস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৈরভ সুতার, সাধারণ সম্পাদক নূরুন্নবি তুহিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ জুন রাতে বরগুনা জেনারেল হাসপাতালে আব্দুল্লাহ নামের এক রোগী ভর্তি হয়। বমির পাশাপাশি আব্দুল্লাহর রক্তচাপ আকস্মিকভাবে কমে আসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিত্সক ডা. মশিউর রহমান। অসুস্থ আব্দুল্লাহকে বরিশাল না নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে অবস্থান করায় রাত ১২টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়। এর পরপরই রোগীর স্বজনরা চিকিত্সক ডা. মশিউর রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে মামলা করলে একজনকে গ্রেফতার করা হয়।