ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত, আহত ৬

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:০০

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ডাম্প ট্রাকচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকেবাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। আহতরা হলেন—নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম। তাদের রাজেন্দ্রপুর এলাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ট্রাকের চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে। 

সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক (চট্ট মেট্রো-শ-১১-৩৩০৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়।

ইত্তেফাক/এমএএম