রাণীনগরের বাঁশবাড়িয়া-শাহাগোলা গ্রামীণ রাস্তা খানাখন্দে ভরা

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:১৭

রাণীনগরের বাঁশবাড়িয়া-শাহাগোলা যাওয়ার এলজিইডির একমাত্র গ্রামীণ রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দে ভরা। আর ওই খানাখন্দে পানি জমে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এতে প্রতিনিয়তই যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে আর প্রায়ই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা।

উপজেলার শাহাগোলা গ্রামের সজিব হোসেন বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি। যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণ ফাঁদ রাস্তায় এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়াই লাগেনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনও বেহাল পড়ে আছে।

স্থানীয় ভ্যানগাড়িচালক আজাদ, রহমানসহ অনেকেই অভিযোগ করেন, আমরা খেটে খাওয়া দিনমজুর, তাই কারো নজর আমাদের ওপর পড়ে না। এটুকু রাস্তার জন্য আমাদের ঝুঁকি নিয়ে ভ্যানগাড়ি চালাতে হয়। অনেকবার ভ্যান উল্টে যাত্রীসহ অনেকেরই হাত-পা ভেঙে গেছে। বিশেষ করে চরম বিপদে পড়তে হয় বর্ষা মৌসুমে। তাই আমরা চাই সরকার যেনো আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তাটি সংস্কার করে।

উপজেলার বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, এ রাস্তা সংস্কারের জন্য সকল কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দেওয়া হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাণীনগর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, এ বেহাল রাস্তা সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।