পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নেত্রকোনায় আমন বীজতলা তৈরি ব্যাহত

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:১৭

চলতি বর্ষা মৌসুমে নেত্রকোনায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন বীজতলা প্রস্তুত করতে পারছেন না কৃষকরা। ফলে আমন আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এখন বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে রকম বৃষ্টি হয়েছে আষাঢ় মাসে সেরকম হচ্ছে না।

নেত্রকোনায় এবার এক লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, এই সময়ে যে পরিমাণ বৃষ্টি প্রয়োজন সে তুলনায় না হওয়ায় বীজতলা তৈরিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সেচের মাধ্যমে কৃষকরা ইতোমধ্যে আমন বীজতলা তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন। এক দুইবার ভারী বর্ষণ হলেই এই সমস্যা কেটে যাবে বলেও তিনি জানান। এদিকে নেত্রকোনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুএকদিনের মধ্যেই নেত্রকোনায় ভারী বৃষ্টি হবে।

নেত্রকোনা জেলা কৃষক সমিতির সভাপতি প্রবীণ কৃষক নেতা খন্দকার আনিছুর রহমান বলেন, কৃষকরা বোরো ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় আমন আবাদে অনেকটা নিরুত্সাহিত হচ্ছে। এরপর বৃষ্টি না হলে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে।