হাটে হাঁটুপানি

আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:০২

হাটে প্রায় হাঁটুপানি জমে আছে। এর মধ্যে দাঁড়িয়ে আছে খুঁটিতে বাঁধা গরু ওছাগল। পানির মধ্যে দিয়ে ক্রেতা ও বিক্রেতা দর ও দাম করছেন। এমন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর পশুর হাটে। টানা দেড় ঘণ্টা বজ্রসহ বৃষ্টির পর এমন অবস্থার সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা জানান, কোরবানি উপলক্ষ্যে পশুর হাটে সকাল থেকে সিরাজগঞ্জ পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও শৌখিনপশু পালনকারীরা তাদের গরু ও ছাগল বিক্রির জন্য সকাল থেকে উল্লাপাড়া ঐহিত্যবাহী বড়হর পশুর হাটে আসতে থাকে। হাটের ইজারাদাররা করতোয়া নদীর ব্রিজের পাশে বিশাল এলাকা জুড়ে হাটে পশু বেচাকেনার সুব্যবস্থা করে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। টানা প্রায় দেড় ঘণ্টার ঝড় বৃষ্টিতে হাটে হাঁটু পানি জমে যায়।

হাটের ইজারাদার হেলাল উদ্দিন জানান, কোরবানির আগে আজকের হাটটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঝড়বৃষ্টির কারণে বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে আসে। খাজনা আদায়ও কমে যায়।

বড়হর গ্রামের বাবু মন্ডল বলেন, আমার খামারের ২৬টি ষাঁড় বৃষ্টির কারণে বিক্রি করতে পারিনি। বৃষ্টির পানিতে নেমে ক্রেতারা গরুর কাছে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে।

তেঁতুলিয়া গ্রাম থেকে আসা শৌখিন গরু পালনকারী রোস্তম উদ্দিন বলেন, ক্রেতারা আমার দেড় লাখ টাকার গরুটি দাম বলছে ৯৫ হাজার টাকা। ন্যায্যদাম না পাওয়ায় গরুটি বাড়ি নিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/আরএজে