আলমডাঙ্গা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গিয়ে অবশেষে গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী দুলাল। রবিবার গভীর রাতে পুলিশের হাত থেকে সে পালিয়ে যায়। পরে সোমবার সকালে কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দুর্গাপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী দুলাল কালিদাসপুর গ্রামের আলম মিস্ত্রির ছেলে। সে ফেনসিডিল ও প্যাথেড্রিন ইঞ্জেকশন বিক্রি করতো।
থানা সূত্রে জানা গেছে, থানার এসআই গিয়াসউদ্দিন কালিদাসপুর গ্রামে মাদক ব্যবসায়ী দুলালকে গ্রেফতার করতে তার আস্তানায় যান। ফেন্সিডিল ও ইঞ্জেকশনসহ তাকে গ্রেফতারও করেন। দুলালের দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ মাদকদ্রব্য জব্দ করতে থাকে। সুযোগ বুঝে দুলাল হুট করে দৌড়ে পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ী হ্যান্ডকাপসহ দৌড়ে পালিয়ে যায়। পরে কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর গ্রামে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।
