টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের পুরোনো পিঠের ব্যথা যেন তার পিছুই ছাড়ছে না। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে হুট করে দেখা দেয় পুরোনো ব্যথা। এর পর ছিটকে যান টাইগার টেস্ট স্কোয়াড থেকে। তবে চোট সারিয়ে ওয়ানডে সিরিজের জন্য আবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২২ জুন) অনুশীলনে দেখা দিল বিপত্তি। ফের দেখা দিয়েছে পিঠের চোট। এছাড়া এদিন অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন টাইগারদের আরও দুই ওপেনার। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস ও দুই বছর পর স্কোয়াডে ফেরা নাঈম শেখ।
গত শনিবার শেষ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এরপর থেকেই মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত টাইগারদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড। আর এ অনুশীলনেই গতকাল কোমরের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এদিন ব্যাটিং অনুশীলনে এমন সমস্যার পর ফিল্ডিং করতে গিয়ে হুট করে পিঠের ব্যথা অনুভব করেন তামিম ইকবাল।
একই দিনে অনুশীলনে নেটে ব্যাটিংয়ের সময় একটি বল আঘাত করে নাঈমের হাঁটুর একটু ওপরে। আর লিটন আঘাত পান থ্রো-ডাউন স্পেশালিস্টের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। একটি বল লিটনের ডানহাতে আঘাত করে। লিটন আঘাত পেলে তাকে পর্যবেক্ষণ করেন জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। এই আঘাতের পর লিটন আর ব্যাটিংয়ে নামেননি। তাদের চোটের অবস্থা জানতে যোগাযোগ করলে দলের একটি সূত্র জানিয়েছে, কারো চোটই অতটা গুরুতর নয়।
এদিকে গতকাল দুপুর ২টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। তবে এর আগে থেকেই মিরপুরে প্রবেশ করতে থাকেন ক্রিকেটাররা। একাডেমি মাঠের নেটগুলোতে চলতে থাকে নিবিড় অনুশীলন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও সৌম্য সরকারও এদিন অনুশীলনে ছিলেন। নেটে লম্বা সময় ধরে অনুশীলন করেন তিনি। এ ছাড়া আফিফ হোসেন, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারীরা ঘাম ঝরান। পেসাররাও ঘাম ঝরিয়েছেন সমানতালে। একই নেটে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান বোলিং করেন বেশ কিছুক্ষণ। আরেকটি নেটে বোলিং করেন হাসান মাহমুদ-শরিফুল ইসলাম। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজকে নেটে বল করার সময় দেখা গিয়েছে বেশ আত্মবিশ্বাসী।
আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সিলেটে খেলবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এই দুই সিরিজ সামনে রেখেই অনুশীলন করছেন সাদা বলের ক্রিকেটাররা।
