অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট দলে নতুন মুখ দুই ব্যাটার যশ্বসী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড় এবং পেসার মুকেশ কুমার। বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। বাদ পড়েছেন পেসার উমেশ যাদব।
টেস্ট দলের সঙ্গে ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। দলে ফিরেছেন সাঞ্জু স্যামসন, গায়কোয়াড়। এখানেও নতুন মুখ মুকেশ। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের দলকেই নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। এ মাসের প্রথম সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হন পূজারা। দুই ইনিংসে যথাক্রমে ১৪ ও ২৭ রান করেন তিনি। বাজে পারফরমেন্সের কারণে দলে জায়গা হারিয়েছেন পূজারা। ১০৩ টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটিতে ৭১৯৫ রান করেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১৫ মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে দলে ফিরেই ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন তিনি। ফাইনালে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করার সুবাদে দলে নিজের জায়গা ধরে রেখেছেন রাহানে। রোহিতের ডেপুটি হিসেবে কাজ করবেন রাহানে।
সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে ১টি সেঞ্চুরি ও ৫টি ফিফটিতে ৬২৫ রান করেন তিনি। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৪৫ রান করেছেন ২১ বছর বয়সী জয়সওয়াল। ১টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে রুতুরাজের। আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ৪টি ফিফটিতে ৫৯০ রান করেছেন তিনি। ২৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি সেঞ্চুরিতে ১৯৪১ রান আছে তার।
ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকত এবং নবদীপ সাইনি।
ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকত এবং মুকেশ কুমার।
