রংপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমানের স্ত্রী লুবনা ইয়াসমিনের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বরিশালের উজিরপুরের বাসিন্দা সাইদুর রহমান স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকায় চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ৯টায় স্ত্রী ও মেয়েকে বাসায় রেখে অফিসে যান সাইদুর। দুপুরে বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বিকাল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে লুবনাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। এ সময় পাশের একটি রুম থেকে মেয়েকে পাওয়া যায়।
কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

