প্রতিষ্ঠা বার্ষিকীতে টাঙ্গাইলের আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:১৯

টাঙ্গাইলের মধুপুর শহরে শুক্রবার (২৩ জুন) দলের প্রতিষ্ঠার বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মধুপুর থানা পুলিশ জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু ও  পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সিদ্দীক হোসেন খান পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হামলার ঘটনায় তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে হামলার ঘটনায় বেশকটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশ ৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

ইত্তেফাক/আরএজে