কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ২৪টি খাতা গত ২৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষক নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী খাতা মূল্যায়নের পর খাতাগুলো এই বিষয়ের নিরীক্ষক কর্ণসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে দেন। তিনি খাতাগুলো নিরীক্ষা করে একই বিষয়ের প্রধান পরীক্ষক তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের কাছে দেওয়ার পর তিনি খাতাগুলোর নম্বর কাটাকাটি করেন। ঘটনাটি স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসের নজরে আসলে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ২৪টি খাতায় অনিয়মের সন্দেহ হলে খাতাগুলো সিলগালা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা পিইসি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, ২৪টি খাতার নম্বর কম-বেশি ও কাটাকাটি করা হয়েছে এমন বিষয়টি আমাদের সন্দেহ হওয়ায় খাতাগুলো সিলগালা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পিইসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষককে শনিবার আমার দপ্তরে ডাকা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা।
