জাবির সিনেটে বিএনপিপন্থীদের ওয়াক আউট, হট্টগোল

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৯:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট ও সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ পর্ষদের নির্বাচন দাবিতে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সিনেট অধিবেশন থেকে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করেন বিএনপিপন্থী সিনেটররা।

শনিবার (২৪ জুন) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সিনেটের বার্ষিক অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

ওয়াক আউট করা সিনেট সদস্যরা হলেন: অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম খান, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মাহবুব কবির, সাবিনা ইয়াসমিন ও ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিনেট অধিবেশন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের উদ্বোধনী বক্তব্য শেষে বিএনপিপন্থী শিক্ষক ও সিনেট সদস্য অধ্যাপক মো. শামছুল আলমের দেওয়া বক্তব্য ও ওয়াক আউটের ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলের সূত্রপাত হয়। এ সময় মো. শামছুল আলমকে 'বেয়াদব' বলে গালি দেন আরেক সিনেট সদস্য মো. মোতাহার হোসেন মোল্লা। এছাড়া তিনি ক্ষিপ্ত হয়ে মো. শামছুল আলমের দিকে তেড়ে যান। পরে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী সিনেট সদস্যদের মধ্যে হট্টগোল হয়। 

তাৎক্ষণিকভাবে সিনেট অধিবেশনে এ ঘটনার প্রতিবাদ জানান বিএনপিপন্থী সিনেটররা। এ সময় বিএনপিপন্থী সিনেটর ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, 'এটা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন। এতে সকলের কথা বলার অধিকার আছে। সেখানে একজন সিনেটরের বক্তব্যকে কেন্দ্র করে কেউ ক্ষিপ্ত হয়ে গালি দিতে পারেন না। তাই মো. মোতাহার হোসেন মোল্লাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।' পরে এ ঘটনার প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করেন বিএনপিপন্থী সিনেটররা।

ওয়াক আউটের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচনের দাবি জানিয়েছি। তবে উপাচার্য নির্বাচন আয়োজন করতে পারেননি। সে জন্য আমরা ১০ মিনিটের জন্য ওয়াক আউট করেছি। এছাড়া ওয়াক আউটের ঘোষণাকে কেন্দ্র করে একজন সদস্য আমাদের এক সদস্যের উপর ক্ষিপ্ত হয়েছেন- আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।'

এদিকে বিএনপিপন্থী সিনেটরদের ওয়াক আউটের মধ্যে সিনেট অধিবেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম অন্যান্য সিনেটরদের সমর্থনে দু'টি আলোচ্যসুচী সিনেট অধিবেশন থেকে পাশ করিয়ে নেন। পরে বিএনপিপন্থী সিনেটররা সভায় ফিরে সেই আলোচ্যসূচির ব্যাপারে জানতে চান। তখন উপাচার্য বলেন, 'আপনাদের ওয়াক আউটের মধ্যে এই দু'টি বিষয় পাশ হয়ে গেছে।'

এর আগে, বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন শুরু হয়।

ইত্তেফাক/এআই