ঈদযাত্রায় স্বস্তি আনতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা ওভারপাস যানজট নিরসনে শনিবার (২৪ জুন) বিকেলে থেকে খুলে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, ঘরমুখো মানুষের ভোগান্তী কথা চিন্তা করে যানজপ নিরসনের জন্য সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা ওভারপাস খুলে দেওয়া হয়েছে।
এর আগে ওভারপাস উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-সচিব তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ প্রমুখ।
আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ভোগান্তির কারণ হতে পারে এমন আশঙ্কায় খুলে দেওয়া হলো নলকা ওভারপাস। যাতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ এই রুটে চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে।
ঈদের আগে এসংখ্যা দাঁড়ায় ৩৫ থেকে ৪০ হাজারে। ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা। এই ভোগান্তি এড়াতে নলকা ওভারপাস খুলে দেওয়া হয়েছে।
