সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৩০

সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ১ম শ্রেণির সৈয়দপুর পৌরসভার ২০১৯-২০ সালের জন্য ১৪১ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌরসভা চত্বরে মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে রাজস্ব খাতে কর বাবদ ৬ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৩৫৭ টাকা, রেইট (হার) ৬ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে উন্নয়ন সহায়তা তহবিল ২ কোটি টাকা, বিশেষ অনুদান ১ কোটি টাকা, বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদান ২ কোটি টাকা, এমজিএসপি কর্তৃক প্রকল্প কাজের মঞ্জুরি ১০০ কোটি টাকা, ইএনডিপি কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১ কোটি টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ ৬ কোটি ১৮ লাখ টাকা, বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ ৩ কোটি টাকা, আধুনিক কসাইখানা নির্মাণ ৩ কোটি টাকা, সুইপার কলোনি নির্মাণ ২ কোটি টাকা, সড়ক, নালা সংস্কার, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন খাতে সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।

মাগুরায় পরিচিতি সভা

মাগুরা প্রতিনিধি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা শীর্ষক প্রকল্পের পরিচিতি সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক  (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম।

কুড়িগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম পৌরসভায় ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুড়িগ্রাম শাখার আয়োজনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মেয়র আব্দুল জলিল। এসময় সচেতন নাগরিক কমিটি কুড়িগ্রামের স্থানীয় সরকার উপ-কমিটির আহ্বায়ক এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ, পৌরসভার সচিব এসএম রেজাউল করিম, পৌর কাউন্সিলর, নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর পৌরসভার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনে মতামত ব্যক্ত করেন মেয়র আব্দুল জলিল। ২০১৯-২০২০ অর্থবছরে ২৩ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা আয় ও সমপরিমাণ ব্যয়ের সমন্বয় রেখে বাজেট ঘোষণা করা হয়।

কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় চাঁদ টুরস এন্ড ট্যাভেলস লিমিটেডের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন হলরুমে ১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি জামালপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের প্রায় ২৫১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার জামালপুর পৌরসভা মিলনায়তনে পৌরসভার সচিব মো. নুরুল ইসলাম মিন্টুর পরিচালনায় বাজেট ঘোষণা করেন মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর ফজলুল হক, পৌর হিসাবরক্ষক মো.আছাদুজ্জামান প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৫০ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৮২৪ টাকা ৭১ পয়সা। তার মধ্যে পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ৭৭ লাখ ৫২ হাজার ২০৯ টাকা এবং বাজেটে স্থিতি দেখানো হয়েছে ৮ কোটি ২২ লাখ ২১ হাজার ৬১৫ টাকা ৭১ পয়সা।