পদ্মা সেতুর এক বছর পূর্তিতে মাদারীপুরে আনন্দ র‌্যালি

আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮:১৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে আনন্দে ভাসছে মাদারীপুরসহ প্রায় ২১ জেলার মানুষ। রোববার (২৫ জুন) বিকাল ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তরা বলেন, গত বছর এ দিনে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অর্ভূতপূর্ব পরিবর্তন এসেছে। সঙ্গে কৃষি, বাণিজ্যসহ নানা খাতে উন্নয়নের রোল মডেলে উঠতে শুরু করেছে এ অঞ্চলের মানুষ। এ ছাড়া আগামীতে ব্যবসা-বাণিজ্য প্রসারে পদ্মা সেতু কাজে আসবে বলে আশা ব্যক্ত করেন বক্তরা। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল, মংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। রাজধানী এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় এক-চতুর্থাংশ কমে আসছে। এতে করে পর্যটন খাতেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের এবং ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় পদ্মা সেতু আঞ্চলিক সংযোগকে সহজতর করেছে।

তিনি আরও বলেন, নির্মাণ খাতে ২৯ শতাংশ, কৃষিখাতে ৯ দশমিক ৫ শতাংশ এবং উৎপাদন ও পরিবহনে ৮ শতাংশ প্রবৃদ্ধিতে অবদান রাখতে পদ্মা সেতু। পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য ১ শতাংশ কমছে এবং জাতীয়ভাবে কমছে শূন্য দশমিক ৮ শতাংশ। পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে ৯ হাজার হেক্টর জমি খরা ও বন্যা থেকে বাঁচবে, যার আর্থিক মূল্য ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

ইত্তেফাক/পিও