‘গানই ছিল তাঁর প্রতিবাদের ভাষা’

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৩৫

 ‘উই শ্যাল ওভারকাম’ গানটি পৃথিবীর অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে। বিশ্বের নিপীড়িত মানুষের প্রেরণাদায়ী এ গান আজও দেশে দেশে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শক্তি জোগায়। এই গানের স্রষ্টা মার্কিন শিল্পী পিট সিগারকে গানে গানে স্মরণ করা হলো। মার্কিন লোকসংগীত শিল্পী পিট সিগার স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছিল ঋষিজ শিল্পী গোষ্ঠী। ৩ মে ছিল শিল্পী পিট সিগারের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে গতকাল ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে ‘পিট সিগার সম্মাননা পদক’ প্রদান করা হয় পশ্চিমবঙ্গের লোক ও গণসংগীত শিল্পী শুভেন্দু মাইতিকে।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পিট সিগার গানই ছিল তার প্রতিবাদের ভাষা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক মফিদুল হক। ঋষিজ সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন গণসংগীত দলের শিল্পীরা গেয়ে শোনান ‘জাগো জাগো সর্বহারা’ ও পিট সিগারের অমর গান ‘উই শ্যাল ওভারকাম’ গান দুটি। এরপর অনুষ্ঠানস্থলে রাখা পিট সিগারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।

রাশেদ খান মেনন বলেন, পিট সিগার মানুষের অধিকার নিয়ে গান গেয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পিট সিগার সব সময়ের অনুপ্রেরণা। মফিদুল হক বলেন, পিট সিগার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিলেও, তিনি ছিলেন যুদ্ধবিরোধী। গানকে জীবনের ভেতরে নেওয়া যায়; আবার জীবনকে গানের সঙ্গে মেলানো যায়- তিনি সেটি দেখিয়েছেন। ‘উই শ্যাল ওভারকাম’ গানটি চার্চের গান। সে গানটিকে তিনি সংগ্রামী গান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। গোলাম কুদ্দুছ বলেন, গানের মাধ্যমে তিনি যে দাবির কথা বলেছেন, তার দাবিগুলো আজও প্রাসঙ্গিক।

শুভেন্দু মাইতি বলেন, ১৯৯৬ সালে ভারতে এলে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছিল। তিনি আমাকে শিখিয়েছেন, গণসংগীত হলো লোকসংগীতের আধুনিকতর রূপ। ছিল দলীয় পরিবেশনা। এতে গান গেয়ে শোনায় উদীচী শিল্পী গোষ্ঠী, ঋষিজ ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আনন্দন, সমস্বর ও ভিন্নধারার শিল্পীরা। অনুষ্ঠানে আবৃত্তি করেন রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, লায়লা আফরোজ ও ঝর্ণা সরকার।