কক্সবাজারের চকরিয়ায় বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মো. লেদুর ছেলে।
জানা যায়, ৬-৭ মাস আগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিসে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা যথাযথ পরিশোধও করেন নাসির উদ্দিন।
কয়েকদিন আগে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. এনামের ছেলে মো. আইয়াজ উদ্দিন (২২) ভুক্তভোগী আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা' এ কথা বলে ব্যঙ্গ করে। এ ঘটনা নিয়ে আনোয়ার আবারও স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজারে এ নিয়ে বিচার চলছিল। এরই একপর্যায়ে অভিযুক্ত আইয়াজ উদ্দিন কামারের দোকান থেকে ছুরি নিয়ে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে আনোয়ার মারা যান।
নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, বিচার দেওয়ায় আমার স্বামী আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা না নেওয়ায় তিনি মারা যান। ইউপি সদস্য সুলতান এ বিষয়ে কোনো প্রতিবাদ না করায় আইয়াজ আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার সাহস পেয়েছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক মো. আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তারে অভিযান চলছে।
