বিএসআইএসসি কলেজ ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৩৭

ঢাকাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিএসআইএসসি)-এর কলেজ ভবনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে দেশ ও জাতির অগ্রগতি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। সেনাবাহিনী প্রধানসহ উপস্থিত সকলে মোনাজাতে অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) মির্জা এজাজুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএসআইএসসি ২০০১ সালে তার পদযাত্রা শুরু করে। ইংরেজি মাধ্যমে ‘ও ’এবং ‘এ’ লেভেল এবং ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) এসএসসি পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ভালো ফলের স্বাক্ষর রেখে আসছে। মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অনুমোদন লাভ করে।