জাপা এখন সন্ধিক্ষণে —জি এম কাদের

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৩৯

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা ২৯ বছর ক্ষমতার বাইরে। অনেক ষড়যন্ত্র ও প্রতিকূল অবস্থা মোকাবিলা করে জাপা শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পেরেছে। দল এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সম্ভাবনাময় একটি দল হিসেবে জাপাকে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চারদিনব্যাপী দলের বিভাগীয় সাংগঠনিক সভার প্রথমদিনে গতকাল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভার সঞ্চালক জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগে গেছে তাদের চিহ্নিত করা হবে। সভার শুরুতে অনুষ্ঠানে প্রবেশ করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বেশ কয়েকটি টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।