এ বছর ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩। উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য তাদের উদ্ভাবনী ধারণাগুলো প্রদর্শন করা এবং তা বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতা দেয়ার লক্ষ্য নিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আই সি টি ডিভিশন, ইনোভেশন আইডিয়া এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় যাত্রা শুরু করে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ)।
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ এ অংশগ্রহণ করে ৭ হাজার স্টার্টআপ কোম্পানির প্রতিনিধিরা। এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় ১৭ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
বিগ ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা ৫২ টি স্টার্টআপকে বিজয়ী ঘোষণা করা হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে 'স্বাস্থ্য সেবা'। এটি একটি ওয়েবসাইট এবং অ্যাপ বেজড অনলাইন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম। সেরা এই ৫২ টি স্টার্টআপকে দেয়া হয় সর্বমোট ৭ কোটি টাকার অনুদান।
'স্বাস্থ্য সেবা' এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন মানুষ তার রোগ বা সমস্যা অনুযায়ী নিজের এলাকার বা দেশের যে কোন শহরে সেবাপ্রদানকারী সঠিক/প্রযোজ্য চিকিৎসককে খুঁজে নিতে পারেন। চিকিৎসকের অভিজ্ঞতা, বিশেষত্ব এবং তিনি কী কী রোগ বা সমস্যার জন্য সেবা প্রদান করে থাকেন; সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। রোগী তার চাহিদা মতো সেই চিকিৎসকের সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন।
'স্বাস্থ্যা সেবা' কোম্পানির ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াজিহা ইসলাম তাসিন বলেন, দেশের একমাত্র অনলাইন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যায়। চিকিৎসক নির্বাচন করার পর তার সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে সময় লাগে ১ মিনিটেরও কম। 'স্বাস্থ্য সেবা' থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে তার সাথে দেখা করার জন্য ১৫ মিনিটের বেশী সময় অপেক্ষা করতে হয় না। 'স্বাস্থ্য সেবা' চিকিৎসক নির্ধারিত কনসালটেশন ফি এর বাইরে সেবাগ্রহীতা থেকে কোন টাকা নেন না। স্বাস্থ্য সেবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস একদম ফ্রি।
স্বাস্থ্য সেবা'র ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াজিহা ইসলাম তাসিন বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ এ অংশগ্রহণ সম্পর্কে জানান, এবছরের ১৮ এপ্রিল বিগ ২০২৩ এর ওয়েবসাইটে আমরা পিচ ডেকসহ অ্যাপ্লাই করি। আমাদের মত আরো ৭ হাজার স্টার্টআপ কোম্পানিও অ্যাপ্লাই করে। সেখান থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। বাছাই করা এই ৩০০ স্টার্টআপ কে অনলাইন পিচিং এর জন্য ডাকা হয়। সেখান থেকে নির্বাচিত হয়ে আমরা জায়গা করে নেয় সেরা ১০৫ এ।
স্বাস্থ্য সেবা'র সিইও মো. আলী মহসিন বলেন, আমাদের মতো সেরা ১০৫টি স্টার্টআপ থেকে ১ জন করে ১০৫ জনকে নিয়ে ৩ দিনের বুটক্যাম্প অনুষ্ঠিত হয় যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। আমাদের কোম্পানি থেকে বুটক্যাম্প-এ অংশ নেন কো-ফাউন্ডার ও চিফ অব প্রোডাক্ট ডেভলপমেন্ট অ্যান্ড মার্কেটিং প্রসূন বেপারী।
ওয়াজিহা ইসলাম তাসিন বলেন, ১৪,১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হয় ফাইনাল পিচিং রাউন্ড। সেখান থেকে সেরা ৫২ টি স্টার্টআপ কে দেয়া হয় বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট। বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট এর মাধ্যমে আমরা শুধু ১০ লক্ষ টাকা অনুদান-ই পাইনি, আমরা ব্যবসা সম্পর্কে বিভিন্ন মেন্টরদের কাছ থেকে অনেক কিছু শিখতেও পেরেছি। তাছাড়া আমাদের মতো স্টার্টআপদের কাছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট একটি জাতীয় পর্যায়ের স্বীকৃতি ও সম্মাননা।
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বাংলাদেশ আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন ইনোভেশন আইডিয়া এর প্রজেক্ট ডিরেক্টর মো. আলতাফ হোসেন, বিগ ২০২৩ এর কো-অর্ডিনেটর সিদ্ধার্থ্ গোস্বামী, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ এবং আই সি টি ডিভিশন এর সচিব মো. শামসুল আরেফিন।
