গত সপ্তাহেই গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র করণ দেওল এবং প্রেমিকা দিশা আচার্য । দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে করণ-দিশার। বিয়ের রাতেই দেওল পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন পার্টির। বিয়ে এবং রিসেপশন সেরে দম্পতি এবার পাড়ি দিয়েছেন মধুচন্দ্রিমায়। তবে বিদেশের কোনও বিলাসবহুল স্থান নয় দেশের মাটিতেই মধুচন্দ্রিমা সারছেন করন-দিশা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার মানালি থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন সানি পুত্র করণ। জানা যায়, কখনও পাহাড়ের উপত্যকায়, কখনও আবার ঝর্নার পাশে। এককথায়, প্রকৃতির বুকে একান্তে সময় কাটাচ্ছেন দেওল দম্পতি। ঐতিহ্যবাহী শহরের বুকে কখনও ফায়ার প্লেসের সামনে পিৎজা খাচ্ছেন, কখনও আবার সূর্যোদয় উপভোগ করছেন তারা।
করণের স্ত্রী দিশা পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। বাঙালি পুত্রবধূকে স্বাগত জানিয়েছে গোটা দেওল পরিবার। ছেলের বিয়ের পর নবদম্পতির ছবি পোস্ট করে শ্বশুর সানি লেখেন, ‘আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার দুই সন্তানের ঈশ্বর মঙ্গল করুন। ভাল থেকো। বাবা হিসেবে আজ খুশি।’
সানি দেওল বলিউডের সঙ্গে জড়িত থাকলেও তার ছেলেকে কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায় নি। এমনকি সানি নিজেও বহুদিন ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন।
