প্রথম বোলার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে লায়ন

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৯:১৮

আগামী ২৮ জুন লর্ডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে নামলেই অনন্য এক রেকর্ড গড়বেন অজি স্পিনার নাথান লায়ন। 

বিশ্বের ষষ্ঠ ও অস্ট্রেলিয়ারতৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন লায়ন। তবে অজি এই স্পিনার অনন্য অন্য এক জায়গায়, বিশ্বের প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হবেন লায়ন।

দেশের জার্সিতে টানা ১০০ টেস্ট খেলার নজির নেই বিশ্বের কোন বোলারের। এর আগে দেশের হয়ে টানা ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন-ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
 
অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ১২১টি টেস্ট খেলেছেন লায়ন। তার শিকার সংখ্যা ৪৯৫। লর্ডসে ৫ উইকেট পেলেই বিশ্বের অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫০০ উইকেট শিকারের মালিক হবেন লায়ন।
 
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।

ইত্তেফাক/এসএস