সুইডেনের গ্রোনা লুন্ড বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রোববার (২৫ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের বিনোদন পার্কে এ হতাহতের ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, চিকিৎসাধীন নয় জনের মধ্যে তিন জন গুরুতর আহত। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানায় স্থানীয় হাসপাতাল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও হেলিকপ্টার পার্কের দিকে আসতে দেখা যায়। অতঃপর পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজন নিবিড় পর্যবেক্ষণের অধীনে আছেন।
অ্যামিউজমেন্ট পার্কের প্রধান নির্বাহী জ্যান এরিকসন এক সংবাদ সম্মেলনে বলেন, জেট লাইন রোলার কোস্টারে যে গুরুতর দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা খুব শোকাহত। এতে একজন মারা গেছেন এবং ৯ জন আহত হয়েছেন। আজ গ্রোনা লুন্ডে শোক দিবস পালন করা হবে।
তিনি আরও বলেন, গ্রোনা লুন্ডে আগে কখনো এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি এইবারই প্রথম। দুর্ঘটনা এড়ানোর সবরকম প্রস্তুতি নেয়া থাকা সত্ত্বেও ঘটনাটি ঘটে গেলো। পুলিশি তদন্তে সহায়তা করার জন্য পার্কটি এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
পার্কের মুখপাত্রের ভাষ্যে, রাইড শুরু হওয়ার সময় রোলার কোস্টারে মোট ১৪ জন যাত্রী ছিলেন। যাত্রা কালীন রাইডের সামনের অংশটি আংশিকভাবে লাইন চ্যুত হয়ে যায় এবং রোলার কোস্টারটি ট্র্যাকের মাঝামাঝি স্থানে এসে থেমে যায়। সে সময় রাইডারটির সামনের অংশটি ঝুঁকে ছিল যার কারণে যাত্রীরা নিচে আছড়ে পড়ে।
টিটি নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে সুইডেনের সংস্কৃতি মন্ত্রী প্যারিসা লিলজেস্ট্র্যান্ড বলেছেন, ‘দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।'
গ্রোনা লুন্ড সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই পার্কের চারপাশে রয়েছে বেশ কয়েকটি জাদুঘর। ইস্পাত-ট্র্যাকের এই জেট লাইনটি ৯০ কিমি পর্যন্ত গতিতে চলে এবং ৩০ মিটার (৯৮ ফুট) উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতি বছর এই রোলার কোস্টারে চড়ে পর্যটকের সংখ্যা ১০ লাখেরও বেশি
