কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল মনোহরপুর এলাকায় গত রোববার (২৫ জুন) সন্ধ্যায় প্রকাশ্যে ইজাজুল হক ওরফে ইজাজ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সোমবার (২৬ জুন) সন্ধ্যা পর্যন্ত এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও থানায় মামলা হয়নি।
তবে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এসব ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। কুমিল্লা জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত ইজাজ জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী মনিপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ওই এলাকার একটি অভিজাত মার্কেটের সামনে কয়েকজন লোক এসে এক যুবককে মারধর করে। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টাকালে আরেকটি অভিজাত মার্কেটের সামনের হোঁচট খেয়ে পড়ে যান। যুবকটিকে তিন-চারজন দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই পক্ষের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো নিহতের পরিবার থেকে মামলায় দায়ের হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এ হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক কারবারিদের টাকার লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ চক্রে একাধিক নারী মাদক কারবারিও সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া গেছে।
