টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু ৭ অক্টোবর, ৬ ভেন্যুতে ৯ ম্যাচ

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৪:২৭

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেলো ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেব বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদেরে প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। 

বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরুর দিনে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আজ মঙ্গলবার (২৭ জুন)  ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ৪৬ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর। 

উদ্বোধনের একদিন পর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার বাহিনী। ১০ অক্টোবর একই মাঠে টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

বাংলাদেশ নিজেদের নয়টি ম্যাচ খেলবে সর্বমোট ৬ টি ভেন্যুতে। ১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ অক্টোবর পুনেতে তামিম ইকবালের দল মাঠে নামবে স্বাগতিক ভারতের বিপক্ষে।

২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর কোয়ালিফায়ারের এক নম্বর দলের বিপক্ষে কলকাতায় বাংলাদেশ লড়বে ২৮ অক্টোবর। 

৩১ অক্টোবর কলকাতাতেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ মুখোমুখি হবে দুই নম্বর কোয়ালিফায়ার দলের বিপক্ষে। ১২ নভেম্বর পুনেতে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তামিম-সাকিবরা। 

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

প্রতিপক্ষ তারিখ ভেন্যু
আফগানিস্তান ৭ অক্টোবর ধর্মশালা
ইংল্যান্ড ১০ অক্টোবর ধর্মশালা
নিউজিল্যান্ড ১৪ অক্টোবর চেন্নাই
ভারত ১৯ অক্টোবর পুনে
দক্ষিণ আফ্রিকা ২৪ অক্টোবর মুম্বাই
বাছাইপর্ব ১ ২৮ অক্টোবর কলকাতা
পাকিস্তান ৩১ অক্টোবর কলকাতা
বাছাইপর্ব ২ ৬ নভেম্বর দিল্লি
অস্ট্রেলিয়া ১২ নভেম্বর পুনে
ইত্তেফাক/এসএস