রেকর্ড গড়া ম্যাচে ৩০৪ রানে জিতলো জিম্বাবুয়ে

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৪:৪৭

অধিনায়ক শন উইলিয়ামসের ১৭৪ রানের সুবাদে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে।  যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় জিম্বাবুয়ের। আর বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে উইলিয়ামস-রাজারা।

সোমবার (২৬ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩২ রান করে ফিরে যান ইনোসেন্ট কাইয়া। দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রানের জুুটি গড়েন উইকেটরক্ষক জয়লর্ড গাম্বি ও উইলিয়ামস। গাম্বি ৭৮ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।

সেঞ্চুরির পর ইনিংসের ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন উইলিয়ামস। ১০১ বল খেলে ২১ চার ও ৫ ছক্কায় দুর্দান্ত এই ইনিংস খেলেন জিম্বাবুয়ের অধিনায়ক। এছাড়া সিকান্দার রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে ৪৭ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান জিম্বাবুয়ের।

৪০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্র। ২৫.১ ওভারে ১০৪ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অভিষেক পারাদকার। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা-রাজা নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হন উইলিয়ামস। গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে খেলবে জিম্বাবুয়ে।

ইত্তেফাক/এসএস