তৌফিক এম সেরাজের দাফন সম্পন্ন

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৪৯

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সাবেক সভাপতি ড. তৌফিক এম সেরাজ-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনসহ রিহ্যাব-এর শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া অন্যান্য আবাসন ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ তার জানাজায় শরীক হন। পরে বনানী কবর স্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপি। রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষে তারা মরহুম ড. তৌফিক এম সেরাজ-এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। 

২১ জুন স্পেনে যাবার পথে কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছার আগেই হূদরোগে আক্রান্ত হন তিনি এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।