লর্ডস টেস্টের একাদশ দিলো ইংল্যান্ড, নেই মঈন আলি

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:৩৮

মঈন আলিকে ছাড়াই আগামীকাল থেকে লর্ডসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজের প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন মঈন। তাই মঈনের খেলা অনিশ্চিত ছিলো। এজন্য মঈনের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয় তরুণ রেহান আহমেদকে। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে মঈনের পরিবর্তে সুযোগ পেলেন পেসার জশ টাং।

জুনের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অভিষেক হয় টাংয়ের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেন টাং।

টাংয়ের সঙ্গে ইংলিশদের পেস আক্রমণে আরও থাকছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং অধিনায়ক বেন স্টোকস। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কাউকে একাদশে রাখেনি ইংল্যান্ড। দলের প্রয়োজনে স্পিনার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জো রুট।

একটিমাত্র পরিবর্তন ছাড়া আগের ম্যাচের একাদশই অব্যাহত রেখেছে ইংল্যান্ড। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংলিশরা।

লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জশ টাং, ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসন।

ইত্তেফাক/এসএস